যশোরের অভয়নগরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ফার্নিচার শো-রুম, কুটিরশিল্প কারখানা, টি স্টলসহ অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া পীরবাড়ি সংলগ্ন কাঠপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা কাঠপট্টিতে আসেন। এসে দেখেন চারিদিকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ১২টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
বাদল টি স্টলের মালিক বাদল মল্লিক বলেন, নগদ টাকা, টিভি, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। পরিবার নিয়ে ঈদ উদযাপন করা কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুন
রমজান ফার্নিচারের মালিক রমজান আলী বলেন, আমার দুটি দোকানের ফার্নিচার পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সব দোকান মালিকরা একই ধরনের ক্ষয়ক্ষতির কথা বলেন।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সময়ের আলো/আআ