বইমেলায় কবিতার বইয়ের সংখ্যা বেশি, পাঠকের ঝোঁক উপন্যাসে

ফাইয়াজ উদ্দিন স্মরণ

বিবিধ

অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামতে আর বাকি তিন দিন। ইতিমধ্যে মেলায় প্রকাশ হয়েছে হাজারেরও বেশি নতুন বই। বরাবরের মতো এবারও

2026-03-13T01:52:33+00:00
2026-03-13T01:52:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
বইমেলায় কবিতার বইয়ের সংখ্যা বেশি, পাঠকের ঝোঁক উপন্যাসে
ফাইয়াজ উদ্দিন স্মরণ
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১:৫২ এএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ১:৫২ এএম
মেলায় বই দেখছেন তরুণীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বৃহস্পতিবার তোলা। ছবি : শেখ ফেরদৌস
অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামতে আর বাকি তিন দিন। ইতিমধ্যে মেলায় প্রকাশ হয়েছে হাজারেরও বেশি নতুন বই। বরাবরের মতো এবারও সংখ্যার বিচারে এগিয়ে কবিতা। তবে পাঠকের আগ্রহ উপন্যাসে। 

বৃহস্পতিবার অনেক স্টলে কবিতার বই সাজানো থাকলেও ক্রেতার হাতে বেশি দেখা গেছে উপন্যাস। তরুণ পাঠকরা উপন্যাস, রহস্য ও সামাজিক বাস্তবতার গল্পভিত্তিক বইয়ে বেশি আগ্রহী। 

বিক্রয়কর্মীরা জানান, বিক্রির দিক থেকে উপন্যাসই শীর্ষে। সংখ্যায় কবিতা এগিয়ে থাকলেও পাঠকের পছন্দে উপন্যাস বেশি। অনেক পাঠক মেলায় এসে প্রথমে উপন্যাসের খোঁজ করেন।

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলায় নতুন বই প্রকাশ হয়েছে ১ হাজার ৩৩৭টি। এর মধ্যে সংখ্যার শীর্ষে কবিতার বই। এই সংখ্যা ৪৯৫টি। এরপর উপন্যাস ২০৭টি। গল্পের বই এসেছে ১৮৫টি।

অন্যান্যের মধ্যে শিশুতোষ ৬৪, প্রবন্ধ ৪৭, গবেষণা ৩৬, জীবনী ৩৬, ভ্রমণ ৩১, ছড়া ২৪, বিজ্ঞানবিষয়ক ২১, ইতিহাস ১৮, রাজনীতি ১৬ ও ধর্মীয় বই ১৯টি।

রচনাবলী, মুক্তিযুদ্ধভিত্তিক বই, নাটক, ভাষা, গণঅভ্যুত্থান ও অভিধান একেবারেই কম। সব মিলিয়ে দশটির বেশি না।

অবসর প্রকাশনীর বিক্রয়কর্মী মো. শাজাহান সময়ের আলোকে বলেন, বইমেলায় পাঠকের আগ্রহ বেশি উপন্যাসে। এটি আগে থেকেই। সময় বদলালেও পাঠকের পছন্দের মন থেকে হারিয়ে যাননি কথাশিল্পীরা। এখনও মেলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালী উল্লাহ, আক্তারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, হুমায়ূন আহমেদের মতো খ্যাতিমান লেখকই পাঠকদের মনজুড়ে। 


কবি প্রকাশনীর বিক্রয়কর্মী সাইফুল ইসলাম বলেন, আমাদের স্টলে উপন্যাস ও কবিতা দুইটাই ভালো চলছে। মূলত একেক বয়সি পাঠকের একেক রকমের চাহিদা। তবে উপন্যাস বরাবরই ভালো চলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, উপন্যাস পড়লে মনে হয় যেন একটা সম্পূর্ণ জীবনের গল্পের ভেতরে ঢুকে পড়েছি। চরিত্র, সময় আর সমাজ সবকিছু মিলিয়ে একটা বড় অভিজ্ঞতা পাওয়া যায়। তাই বইমেলায় এলে আমি প্রথমেই উপন্যাস খুঁজি। 

ক্রেতা মাহমুদুল হাসান বলেন, দিনশেষে একটু সময় পেলে উপন্যাস পড়তে ভালো লাগে। বাস্তব জীবনের নানা দিক, মানুষের সম্পর্ক ও সমাজের গল্প উপন্যাসে খুব সুন্দরভাবে উঠে আসে। এজন্যই বইমেলায় আমি বেশি উপন্যাস কিনি। 

এদিকে বৃহস্পতিবার ছিল অমর একুশে গ্রন্থমেলার ১৫তম দিন। আর মাত্র তিন দিন পর শেষ হবে মেলা। তবু ক্রেতা সমাগম কম। গতকাল তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ৮২টি। 

মূলমঞ্চ : বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে মুস্তাফা জামান আব্বাসী শীর্ষক আলোচনা হয়। শারমিনী আব্বাসীর লিখিত প্রবন্ধ পড়েন বাংলা একাডেমির কর্মকর্তা মোকারম হোসেন। আলোচনা করেন আশরাফুজ্জামান বাবু। সভাপতি ওয়াকিল আহমদ।
লেখক বলছি : লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে কথা বলেন আতাহার খান, ফজলুল হক তুহিন এবং জামশেদ ওয়াজেদ।

আজকে যা থাকছে : আজ শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। থাকবে শিশুপ্রহর। সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। 

বেলা ৩টায় মূলমঞ্চে বদরুদ্দীন উমর শীর্ষক আলোচনা হবে। প্রবন্ধ পড়বেন ফিরোজ আহমেদ। করবেন সুমন রহমান। সভাপতি আনু মুহাম্মদ। বিকাল ৪টায় রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।

এফআর


  বিষয়:   অমর একুশে গ্রন্থমেলা  বইমেলা  কবিতা  বই  সংখ্যা  বেশি  পাঠক  ঝোঁক  উপন্যাস 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: