বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগে থেকেই অন্যতম পছন্দের বাছাই মুস্তাফিজুর রহমান। এবার দ্যা হান্ড্রেডেও এখন তার অভিষেক হওয়ার অপেক্ষা। ইংল্যান্ডের এই লিগে বাঁ-হাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি।
বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে বার্মিংহ্যাম ফিনিক্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন মুস্তাফিজ।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাকব বেথেল। যদিও ম্যাচটি মাত্র ৭ রানে হেরে যায় ইংলিশরা। অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি ইংল্যান্ডের তিন ফরম্যাটের দলে জায়গা পাকাপোক্ত করেছেন।
২২ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারকে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে ফিজের দল বার্মিংহ্যাম। বেথেলই এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামী ক্রিকেটার।
এ ছাড়া ইংল্যান্ডের লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদকে আড়াই লাখ পাউন্ড, দক্ষিণ আফ্রিকান ব্যাটার দোনোভান পেরেইরাকে ২ লাখ ১০ হাজার, অস্ট্রেলিয়ান আগ্রাসী ব্যাটার মিচেল ওয়েনকে ১ লাখ ৩০ হাজার, পেসার সাকিব মাহমুদকে দেড় লাখ, পাকিস্তানি রহস্য স্পিনার উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার, লরি ইভানসকে ৮৫ হাজার এবং সর্বশেষ বিপিএলে নজর কাড়া ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।
আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়ে মুস্তাফিজ ফেসবুকের ভেরিফায়েড পৈজে লিখেছেন, ‘দ্য হানড্রেডে খেলার সুযোগ পেয়ে আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অধীর অপেক্ষায় আছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
সময়ের আলো/এআর