সামরিক ও নিরাপত্তা স্থাপনার অত্যন্ত স্পর্শকাতর তথ্য ও ছবি ‘ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে’ পাচারের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ইরান। তথ্য ফাঁসের অভিযোগে দেশজুড়ে এক সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৮১ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং পুলিশ বিভাগ।
আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে জানায়, রাজধানী তেহরান থেকে ২৫ জন এবং পশ্চিমাঞ্চলীয় শহর হামাদান থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি তুলে এবং স্পর্শকাতর তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠাচ্ছিল।
ইরানের পুলিশ প্রধান আহমেদরেজা রাদান আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযানের ভয়াবহতা তুলে ধরেন।
তিনি জানান, শত্রুদের মিডিয়া এবং বহিঃশক্তির সঙ্গে ইরানের অভ্যন্তরীণ ও গোপনীয় তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে এই সপ্তাহে এখন পর্যন্ত অন্তত ৮১ জনকে আটক করা হয়েছে।
ইরান সরকার সাধারণত ‘শত্রু’ বলতে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে ইঙ্গিত করে থাকে, তবে এই অভিযানে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক স্থাপনায় বেশ কিছু রহস্যময় হামলার পর দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তাদের নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই গণ-গ্রেফতার তারই একটি অংশ।
এফআর