বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০২৬ সালের ৮ম নিয়োগ পরীক্ষার (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) বিষয় ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের বিভিন্ন পদে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই হবে মোট ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে।
নতুন সিলেবাস অনুযায়ী প্রতিটি অধিদফতরের জন্য সাধারণ কিছু বিষয় অভিন্ন রাখা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) জন্য ১০ নম্বর করে বরাদ্দ করা হয়েছে। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি অংশে ৫ নম্বর এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) ৫ নম্বর বরাদ্দ রয়েছে।
প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ এবং আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর বরাদ্দ থাকছে। বিশেষায়িত শিক্ষার ক্ষেত্রে সাধারণ শিক্ষা ব্যবস্থায় ২০ নম্বর, কারিগরি শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষার মৌলিক জ্ঞানে ২০ নম্বর, আর মাদ্রাসা শিক্ষায় আল কুরআন, হাদীস ও ফিকাহসহ সংশ্লিষ্ট বিষয়ে ২০ নম্বর দেওয়া হয়েছে।
সিলেবাসে সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে জুলাই আন্দোলন, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার কমিশন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত। আইসিটি অংশে ই-নথি, ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারসহ আধুনিক বিষয়গুলো রাখা হয়েছে।
কর্তৃপক্ষ নির্দেশ করেছে, এমসিকিউ পরীক্ষায় মোট প্রশ্নের ৪০ শতাংশ হবে জ্ঞানমূলক, ৩০ শতাংশ অনুধাবনমূলক, ২০ শতাংশ প্রয়োগমূলক এবং ১০ শতাংশ উচ্চতর দক্ষতামূলক। ভুল উত্তরের জন্য নম্বর কাটা নিয়ম প্রযোজ্য থাকতে পারে। প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা অংশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির প্রবিধানমালা, এমপিও নীতি এবং বাজেট প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই থাকবে।
সংশ্লিষ্ট প্রার্থীরা এনটিআরসিএ এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে বিস্তারিত সিলেবাস ও নির্দেশনা সংগ্রহ করতে পারবেন।
/ইউএমএইচ