চাঁদা দাবির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিরুদ্ধে মনিরুল ইসলাম নামের এক ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদার দাবির অভিযোগ রয়েছে। চাঁদার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে একাধিকবার মারধরের অভিযোগে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়।
ড্রেজার ব্যবসায়ী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যাবসার কাজ করেন। সম্প্রতি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার প্রথম দফায় তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
প্রথমপর্যায়ে তাকে নগদ ৫০ হাজার টাকা ও পরবর্তীতে বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। চাঁদার দাবীকৃত বাকি টাকার জন্য শুক্রবার ( ১৩ মার্চ) ছাত্রদল নেতা মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার ব্যবসায়ী মনিরুলের লেবার আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেন। তিনি বর্তমানে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ড্রেজার ব্যাবসায়ী মনিরুল ইসলাম।
ওসি রাকিবুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআ