পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ মহিমান্বিত রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।
রোববার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও বরকতময় রাত হলো লাইলাতুল কদর। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই রাতেই মানবজাতির পথনির্দেশক পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়। তাই এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ কারণে এই রাতে ইবাদত, তাওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ সৃষ্টি হয়।
আরও পড়ুন
তিনি আরও বলেন, পবিত্র রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলি বিকাশের মাস। লাইলাতুল কদরের শিক্ষা মানুষকে ব্যক্তি ও সামাজিক জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে।
প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মহিমান্বিত রাতের তাৎপর্য উপলব্ধি করে সবাই যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে আন্তরিকভাবে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হয় এবং মানবকল্যাণে কাজ করে।
বাণীর শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র লাইলাতুল কদরের অশেষ রহমত ও বরকত যেন দেশ ও জাতির ওপর বর্ষিত হয় এবং বাংলাদেশ শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে যায়।
এএডি/