বগুড়ার আদমদীঘি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এ আয়োজন করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব, সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত এ ধরনের প্রকাশ্য আয়োজন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে কিনা সেটিও এখন আলোচনায় রয়েছে বলে জানায় স্থানীয়রা।
এফআর