রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘ফ্রেশ ফুড’ নামক একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ঘিয়ের বদলে কৃত্রিম সুগন্ধি ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ফ্রেশ ফুড’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে শতভাগ খাঁটি ও বিশুদ্ধ পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। তবে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আজ সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা মোড়কজাতকরণ সনদ ছাড়াই মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করতে দেখা যায়।
সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল প্রতিষ্ঠানটির সেমাই তৈরির প্রক্রিয়া। সাধারণ সেমাইয়ের ওপর ঘিয়ের কৃত্রিম সুগন্ধি (স্প্রে) ছিটিয়ে সেটিকে ‘শতভাগ ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই’ বলে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
এই জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ঘিয়ের বদলে রাসায়নিক সুগন্ধি ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আমরা তাদের অর্থদণ্ড করেছি। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফআর