হলিউডের মর্যাদাপূর্ণ অস্কার মঞ্চে নতুন ইতিহাস গড়লেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ‘হ্যামনেট’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইরিশ অভিনেত্রী এই বিভাগে অস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন।
চলতি বছরের পুরস্কার মৌসুমজুড়ে দারুণ ফর্মে ছিলেন বাকলি। অস্কারের আগে তিনি গোল্ডেন গ্লোব, বাফটা এবং স্যাগ অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সেই ধারাবাহিকতাই শেষ পর্যন্ত অস্কারের মঞ্চেও বজায় রাখলেন তিনি।
ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমাটি নির্মিত হয়েছে লেখক ম্যাগি ও ফারেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। ছবিতে জেসি বাকলি অভিনয় করেছেন বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস চরিত্রে। গল্পে তুলে ধরা হয়েছে শেক্সপিয়ারের ১১ বছর বয়সী ছেলে হ্যামনেটের অকাল মৃত্যুর পর একটি পরিবারের গভীর শোক ও মানসিক বিপর্যয়ের কাহিনী।
সমালোচকদের মতে, সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া এক মায়ের আবেগ, শোক এবং মানসিক যন্ত্রণাকে জেসি বাকলি অত্যন্ত শক্তিশালী অভিনয়ের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন। একইসঙ্গে গল্পটি ইঙ্গিত দেয়- এই শোকই পরবর্তীতে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ রচনার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
আরও পড়ুন
অভিনয় জগতে জেসি বাকলির যাত্রা শুরু হয়েছিল অনেকটা ভিন্ন পথে। ২০০৮ সালে বিবিসি ওয়ানের ট্যালেন্ট শো ‘আই’ড ডু অ্যানিথিং’-এ রানার-আপ হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো দর্শকের নজরে আসেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। এরপর ধীরে ধীরে থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই প্রতিভাবান অভিনেত্রী।
এবারের অস্কারে সেরা অভিনেত্রীর বিভাগে বাকলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এমা স্টোন (বুগোনিয়া), কেট হাডসন (সং সাং ব্লু), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ) এবং রেনেট রিন্সভ (সেন্টিমেন্টাল ভ্যালু)। তবে শক্তিশালী অভিনয় এবং পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক সাফল্যের কারণে শেষ পর্যন্ত পুরস্কারটি নিজের করে নেন জেসি বাকলি।
অস্কারের এই জয় শুধু ব্যক্তিগত সাফল্যই নয় বরং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আইরিশ অভিনয়শিল্পীদের জন্যও নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এএডি/