পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের মহাসড়কে যানজট কমাতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্দিষ্ট কয়েক দিন মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, ঈদের আগে তিন দিন এবং ঈদের পরের তিন দিন- মোট সাত দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এসব ভারী যানবাহন মহাসড়কে চলতে পারবে না।
তবে জনজীবনের প্রয়োজন বিবেচনায় কিছু যানবাহনকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, দ্রুত নষ্ট হয়ে যায় এমন পচনশীল দ্রব্য, তৈরি পোশাক শিল্পের পণ্য, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।
যাত্রীদের ভোগান্তি কমানো এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিআরটিএ। এজন্য হটলাইন নম্বর ১৬১০৭ ছাড়াও ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই রাজধানীসহ বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। সেই যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে যানবাহন ব্যবস্থাপনায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএডি/