পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং ট্রেনের সময়সূচি ঠিক রাখতে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত উত্তরবঙ্গগামী মোট ৯টি আন্তঃনগর ট্রেন বিমানবন্দর স্টেশনে থামবে না। এসব ট্রেন হলো- একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি এবং বুড়িমারী এক্সপ্রেস।
এছাড়া একই সময়ে ঢাকা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে ঢাকা রেলস্টেশন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি না করার সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন
ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপের কারণে কিছু ট্রেনের ছাড়ার প্ল্যাটফর্মেও পরিবর্তন আনা হয়েছে। সুন্দরবন, মধুমতি, বেনাপোল ও জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি রূপসী বাংলা এবং নকশীকাঁথা কমিউটার ট্রেন এখন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের পরিবর্তে শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে।
প্রশাসনিক কার্যক্রম দ্রুততর করা এবং ট্রেন পরিচালনায় স্বাভাবিকতা বজায় রাখতে ঈদের আগে ও পরে মোট ২০ দিন ট্রেনে কোনো বিশেষ ‘সেলুনকার’ সংযোজন না করার সিদ্ধান্তও নিয়েছে রেল কর্তৃপক্ষ।
নিরাপত্তা জোরদারে দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে যাত্রী প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি থাকবে। বিনা টিকিটে প্রবেশ ঠেকাতে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
একইসঙ্গে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন ও রেললাইনের ওপর গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এএডি/