রাজনৈতিক বক্তব্যে সংযম ও ইতিবাচক চর্চার বার্তা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
বুধবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ অনিচ্ছাকৃতভাবে আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে তিনি সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শকে তার পথচলার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন
পোস্টে তিনি ইঙ্গিত দেন, গত কয়েক দিনে রাজনৈতিক অঙ্গনের জ্যেষ্ঠ ব্যক্তিত্ব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি যে বার্তাগুলো পেয়েছেন- তা হলো ব্যক্তিগত আক্রমণ পরিহার, অপ্রয়োজনীয় বক্তব্য থেকে বিরত থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।
এই পরামর্শগুলো গ্রহণ করে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সংযত আচরণের প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার ইচ্ছার কথাও তুলে ধরেন।
পোস্টের শেষাংশে তিনি ব্যক্তিগত আত্মশুদ্ধির দিকটিও উল্লেখ করেন। রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক যাত্রা শুরু করেছেন বলেও জানান। তার ভাষায়, এই পথচলায় আল্লাহর কাছে ক্ষমা ও সঠিক দিকনির্দেশনা কামনা করেছেন তিনি।
সব মিলিয়ে, এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে রাজনৈতিক ভাষ্য ও আচরণে পরিবর্তনের একটি ইঙ্গিত দিয়েছেন এনসিপির এই নেতা- যা ভবিষ্যতে তার রাজনীতির ধরনেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এএডি/