জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা বুধবার পরিণত হয়েছিল এক শোকাবহ পরিবেশে। চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাজে জানাজা সেখানে অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
জানাজার আগে পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে সংক্ষিপ্ত বক্তব্যে তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। পরে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি মরহুমকে একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।
আরও পড়ুন
এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সংসদের বিভিন্ন পর্যায়ের সদস্য ও কর্মকর্তারা। সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি এম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
রাজনীতির অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন। স্থানীয় উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও অবকাঠামো খাতে তার অবদান এখনও স্মরণীয় হয়ে আছে।
এএডি/