স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি। এতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে গতকালের চেয়ে আজকে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো। এতে এবার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
হাটিকুমরুল গোলচত্বর এলাকায় কথা হয় বাস চালক দুলাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, মহাসড়কে যানজট নাই। অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। যমুনা সেতু পশ্চিমপাড়ে রাস্তা ফোর লেন রাস্তা চালু হয়েছে। যাত্রীরা ভালো সেবা পাচ্ছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। আশা করা যাচ্ছে এবার ঈদে সমস্যা হবে না। সমস্যা হলে টাঙ্গাইলের এলেঙ্গায় কিছুটা হবে। সিরাজগঞ্জ অংশে ভালো আছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, গতকালের চেয়ে আজকে ভোর থেকে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। চাপ বাড়লেও এখন পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে বলেও জানান তিনি।
সময়ের আলো/জোই/এফআর