চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাদ হোসেন জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।
জানা যায়, আজাদ হোসেনসহ কয়েকজন মিলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছিলেন। শূন্য রেখা দিয়ে ভারতে প্রবেশের সময় দায়িত্বরত বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। সীমান্তের ৬৫/১ এ পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তাকে স্বজনরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, রাতে হাসপাতালে জরুরি বিভাগে শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন নিয়ে আজাদ আসেন। বর্তমানে তিনি ভর্তি আছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, আজাদ হোসেন নামের এক ব্যক্তির সীমান্ত এলাকায় ছররা গুলি লেগেছে বলে শুনেছি। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সে এখন কোথায় আছেন এ বিষয়ে আমার জানা নেই।
সময়ের আলো/জোই