সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সময় মিলিয়ে গাইবান্ধার দুটি গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে পলাশবাড়ীর তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদে সহিহ হাদিস অনুসারী মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী জেলার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা এবং সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের অর্ধশতাধিক পরিবার এভাবে ঈদ পালন করে আসছে।
একই সময়ে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের মুসলিম উম্মাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর দুই গ্রামের মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন, ঘরে ঘরে চলে ঈদের শুভেচ্ছা বিনিময়।
স্থানীয়রা জানান, সহিহ হাদিসের অনুসারীরা চাঁদ দেখার ভিন্ন পদ্ধতি অনুসরণ করায় তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন করে থাকেন। এ প্রথা কয়েক দশক ধরে চলে আসছে।
এদিকে একদিন আগে ঈদ উদ্যাপনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ঈদের জামাত ও আনুষঙ্গিক কার্যক্রম।
সময়ের আলো/জোই