মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঢাকা অভিমুখী একটি চলন্ত লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ‘রব রব–৭’ নামের একটি লঞ্চে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির, তিনি কুমিল্লার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রব রব–৭’ লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় তাড়াহুড়ো করে লঞ্চ থেকে ঘাটে নামার চেষ্টা করেন জাহির। কিন্তু লঞ্চটি তীরের কাছাকাছি পৌঁছানোর আগেই তিনি লাফ দেন। ভারসাম্য হারিয়ে তিনি লঞ্চের সামনের অংশে বেশ কিছুক্ষণ ঝুলে থাকেন এবং একপর্যায়ে ধলেশ্বরী নদীতে পড়ে তলিয়ে যেতে থাকেন।
এদিকে, এই বিপজ্জনক মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা চাঞ্চল্য সৃষ্টি করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দায়িত্বরত ছিল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া ওই ব্যক্তি তলিয়ে যাচ্ছিলেন। সে সময় দ্রুত তাকে উদ্ধার করে ডুবুরি দল। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন।
এফআর