জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মিছিলে নেমে এল চরম শোকের ছায়া। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি অস্থায়ী ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ পানিতে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদ উপলক্ষে এই ড্রাম ব্রিজ ও এর আশেপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। আজ ঈদের দিন বিকেলেও অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও আজ অতিরিক্ত মানুষের চাপে সেটি হঠাৎ ভেঙে পড়ে।
এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান গণমাধ্যমকে বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এফআর