লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন হামলার দাবি করেছে।
সোমবার (২৩ মার্চ) ভোরে তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার একদিনেই তারা ইসরায়েলে মোট ৬৩টি হামলা চালিয়েছে।
এসব হামলায় ইসরায়েলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন।
তবে, এদিন এখন পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি।
অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির কথা উল্লেখ করে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ২৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২ হাজার ৭৮৬ জন।
এ সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পাল্টাপাল্টি হামলা ও বিপুল প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও ঠেলে দিয়েছে চরম সংকটের মুখে।
/ইউএমএইচ