যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষের ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র।
রোববার (২২ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে এয়ার কানাডার একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে রানওয়েতে পোর্ট অথরিটির একটি 'এয়ারক্রাফট রেসকিউ অ্যান্ড ফায়ারফাইটিং' গাড়ির সংঘর্ষ ঘটে।
এ দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হন। তাদের মৃত্যুর বিষয়টি এখন নিউইয়র্ক সিটির মেডিক্যাল এক্সামিনার দেখছে বলে জানিয়েছে তারা।
এ ঘটনায় আরও দুইজন, পোর্ট অথরিটি পুলিশ বিভাগের একজন সার্জেন্ট ও একজন কর্মকর্তা আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় উড়োজাহাজটি অবতরণের শেষ পর্যায়ে ছিল এবং প্রায় ৩০ মাইল গতিতে রানওয়েতে চলছিল।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি ছিল বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ মডেলের টুইন-জেট, যা মন্ট্রিয়াল থেকে আসছিল। দুর্ঘটনাটি লা গার্ডিয়ার রানওয়ে ৪-এ রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে ঘটে। সংস্থাটি বিষয়টি তদন্ত করছে বলে জানানো হয়।
জ্যাজ এভিয়েশন, যা এয়ার কানাডা এক্সপ্রেস হিসেবে ফ্লাইট পরিচালনা করে, জানিয়েছে সংশ্লিষ্ট ফ্লাইটটি ছিল ৮৬৪৬ নম্বর।
তবে প্রাথমিক তালিকা অনুযায়ী, বিমানে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। কিন্তু এ সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।
এদিকে, পোর্ট অথরিটির এক মুখপাত্র জানান, সংঘর্ষের পরপরই কুইক রেসপন্স কার্যক্রম চালু করে। ঘটনাস্থলে পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি সংস্থাটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক উপস্থিত রয়েছেন।
ঘটনার পর মধ্যরাতের দিকে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়, যাতে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও বিস্তারিত তদন্ত করা যায়।
তবে পরবর্তীতে এফএএ জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত লা গার্ডিয়া বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করবে না।
এদিকে দুর্ঘটনার তদন্তে একটি বিশেষ 'গো টিম' পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তাদের সোমবারই ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে বলেও জানা গেছে।
/ইউএমএইচ