ঈদের আনন্দ মানেই অবারিত খুশি আর প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানো। সেই আনন্দ উদযাপন করতে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের প্রথম দিন আবহাওয়া কিছুটা বৈরী থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে ঘর থেকে বেরিয়েছেন সব বয়সি মানুষ।
সরেজমিনে দেখা গেছে, শহরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি জমজমাট হয়ে উঠেছে ‘প্ল্যানেট পার্ক’। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে দুপুরের পর থেকেই এখানে দর্শনার্থীদের ভিড় জমেছে। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভিন্ন আঙ্গিকে সাজানো প্ল্যানেট পার্কের টিকিট কাউন্টারেও দেখা গেছে দীর্ঘ লাইন। মাত্র ৩৫ টাকা প্রবেশ মূল্যে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে এই পার্কটি। ফলে ঈদের ছুটিতে পরিবার নিয়ে পার্কে এসে আনন্দিত ঘুরতে আসা বিনোদনপ্রেমীরা।
পার্কটিতে হাইড্রোলিক প্লেন, ফ্লাওয়ার বক্স, শান্তা মারিয়া, ঘোড়া, সুপার চেয়ার, ট্রেন, প্যাডেল বোর্ড এবং প্যারা টুকাবর ইত্যাদি রাইড রয়েছে। এসব জনপ্রিয় রাইড পার্কটিকে জনপ্রিয় করেছে।
এছাড়া নগরীর মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, বেলস্ পার্ক, গ্রীন সিটি পার্ক এবং কীর্তনখোলা নদী তীরবর্তী বেড়ি বাঁধ এলাকাগুলোতেও জমজমাট পরিবেশ দেখা গেছে।
ঘুরতে আসা রুবেল সবকদার জানান, ঈদে পরিবার নিয়ে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরেছেন তিনি। তবে শিশু পার্কে অনেক ধরনের খেলনা রাইড থাকায় সেখানে শিশুরা বেশি উচ্ছ্বসিত।
আফরোজা বেগম নামে এক দর্শনার্থী বলেন, বরিশালের সব দর্শনীয় স্পটগুলোতে তিনি গিয়েছেন। শহরে কোনো যানজট না থাকায় অনেক স্বস্তি পেয়েছেন।
এফআর