ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফার সফল অস্ত্রোপচার শেষে আজ সোমবার দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার করা হয় তার। তবে পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে ৯ মার্চ তার দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা চিকিৎসার পর ২১ মার্চ তাকে কেবিনে নেওয়া হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন।
চয়নিকা চৌধুরী জানিয়েছেন, তানিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তাকে খুব সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে কোনো ধরনের মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আগামী ১০ এপ্রিল আবারও ফলোআপের জন্য তাকে চেন্নাই যেতে হবে।
বর্তমানে দেশে ফিরে পরিবারের সঙ্গে বিশ্রামে থাকবেন তানিয়া বৃষ্টি। তার দ্রুত সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
/ইউএমএইচ