ঘুম থেকে উঠে পোষা বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না বন্যা কস্তা (৩৬)। বিড়ালটি যদি নিচে পড়ে যায়—এই আশঙ্কায় তিনতলার ছাদে ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে নিজেই পা পিছলে নিচে পড়ে না ফেরার দেশে চলে গেলেন এই বিড়ালপ্রেমী তরুণী।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের সুশান্ত কস্তার মেয়ে এবং একই ইউনিয়নের বোর্ণী টুনিপাড়ার শোভন পালমার স্ত্রী।
বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা জানান, ঢাকার শাহজাদপুরে বন্যা কস্তা তার স্বামীসহ একটি ভাড়া বাসায় বসবাস করে। তারা নিঃসন্তান দম্পতি এবং তিনতলাতেই থাকতেন। ভোরে ঘরের ভেতর বিড়ালটি দেখতে না পেয়ে বন্যা ছাদে খুঁজতে যান। সেখানে বিড়ালটি ঝুঁকিপূর্ণ স্থানে দেখতে পেয়ে বিড়ালটিকে হাত দিয়ে নামাতে গেলে, পা পিছলে নীচে পড়ে যায় বন্যা। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালাম জানান, ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনাজনিত মৃত্যুর সংবাদটি শুনেছি। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।
এফআর