ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ আলোচিত ছিলেন।
সোমবার (২৩ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জেনারেল মাসুদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, ‘সোমবার গভীর রাতে তাকে ধরতে ঢাকায় অভিযান চালায় ডিবি।’
জেনারেল মাসুদের বিরুদ্ধে ‘পাঁচটির মতো’ মামলা থাকার কথা জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ ওই বছরে এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন।
২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হয়েছিল। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে রাখে।
২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। তার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এ সেনা কর্মকর্তা।
সময়ের আলো/কেএইচও