প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম আপডেট: ২৪.০৩.২০২৬ ৮:১৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ছবি : সময়ের আলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনদের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর থেকেই রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি হয়। সম্প্রতি কাসেম গোষ্ঠীর জিয়াউর রহমান অপর পক্ষের শিশু মিয়াকে মারধর করে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গত ১৭ মার্চ উভয় গোষ্ঠীর লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। আজ মঙ্গলবার সকালে আবারও টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন।
সংঘর্ষে রহিম গোষ্ঠীর আক্তার নামে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়ে অষ্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাসেম গোষ্ঠীর হাবিবুর রহমান। এছাড়া উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
এ বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে দুইজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এফআর