কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সমুদ্র সৈকতে পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনেও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য দেখা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় দর্শনার্থীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর ছিল পুরো সৈকত এলাকা।
স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে টানা কয়েকদিন ধরে পর্যটকের আগমন হচ্ছে। তবে তৃতীয় দিন ও চতুর্থ দিনে পর্যটকদের সংখ্যা বহুগুণ বেড়েছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
এদিকে, পর্যটকদের ভিড়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে কয়েকগুণ।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক শহীদ জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে এসেছি। সৈকতের পরিবেশ খুব সুন্দর, তবে আজ মানুষের ভিড় অনেক বেশি। তবুও আনন্দটা উপভোগ করছি।
আরেক পর্যটক বলেন, টেকনাফের সৌন্দর্য অন্যরকম। এত ভিড়ের মধ্যেও সমুদ্রের কাছে আসলে মনটা ভালো হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থাও ভালো দেখা যাচ্ছে।
আইনজীবী মোহাম্মদ ফয়েজুল আলম বলেন, ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে টেকনাফ সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি। প্রকৃতির অপার সৌন্দর্য আর সাগরের ঢেউ মনকে অন্যরকম প্রশান্তি দিচ্ছে। যদিও আজ পর্যটকের ভিড় অনেক বেশি, তবুও সবার সঙ্গে এই আনন্দমুখর পরিবেশ ভাগাভাগি করতে পেরে সত্যিই ভালো লাগছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সৈকত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার রয়েছে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
এফআর