ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা সামনে এসেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা গেছে, তার ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ভুয়া বার্তা প্রচার বা প্রতারণামূলক কার্যক্রম চালানো হতে পারে। ইতোমধ্যে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও জানানো হয়েছে।
আরও পড়ুন
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, অসতর্কভাবে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ইনস্টল করার কারণে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে। যদিও বিচারপতির মোবাইল ফোনটি ইতোমধ্যে সুরক্ষিত করা গেছে, তবে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার সূত্রপাত ১৭ মার্চ, যখন বিচারপতির ব্যবহৃত ফোনে অস্বাভাবিকতা দেখা দেয়। শুরুতে বিষয়টি গুরুত্ব পায়নি। পরে ২২ মার্চ বিষয়টি পরিষ্কার হলে ডিজিটাল ফরেনসিক সহায়তায় ডিভাইস থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের একটি সন্দেহজনক সফটওয়্যার অপসারণ করা হয়।
এএডি/