প্লাস্টিক অ্যাসোসিয়েশনে যেনতেন নির্বাচনের পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) পরিচালনা পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য যেনতেনভাবে নির্বাচন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ

2026-03-26T18:17:08+00:00
2026-03-26T18:48:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্লাস্টিক অ্যাসোসিয়েশনে যেনতেন নির্বাচনের পাঁয়তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৬:৪৮ পিএম
বিপিজিএমইএ’র বর্তমান সভাপতি শামীম আহমেদ। সংগৃহীত ছবি
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) পরিচালনা পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য যেনতেনভাবে নির্বাচন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনটির সাধারণ সদস্যরা অভিযোগ করেছেন, বর্তমান সভাপতি শামীম আহমেদ দায়িত্বে থেকেই নিজের মতো করে একটি নির্বাচন আয়োজন করে আবারও নিজে ও তার অনুসারীরা ক্ষমতায় থাকতে চান।

সদস্যদের দাবি, বর্তমান পরিচালনা পর্ষদ সাবেক সভাপতি ও বিতর্কিত ব্যবসায়ী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি জসিম উদ্দিনের অনুসারী। তারা অভিযোগ করেন, জসিম উদ্দিন এখন অন্তরালে থেকে আসন্ন নির্বাচনে প্রভাব খাটিয়ে তার অনুসারীদের পুনরায় সংগঠনের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন।

এ প্রেক্ষিতে সাধারণ সদস্যরা আগামী ১৭ মে নির্ধারিত নির্বাচনের তফসিল স্থগিত করে প্রশাসক নিয়োগ এবং নতুন তফসিল ঘোষণার দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন। গত বুধবার বিপিজিএমইএ’র সদস্য ও ইমপ্রুভ এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. জহির ফারুক বাণিজ্য সচিব বরাবর এই আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, ২০০৪ সালে সর্বশেষ নির্বাচন হওয়ার পর গত ২০ বছর ধরে কোনো নির্বাচন হয়নি। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে অনির্বাচিত সদস্যদের দ্বারাই সংগঠনটি পরিচালিত হচ্ছে।

এছাড়া সাবেক সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এজিএম, ইজিএম বা বোর্ড মিটিংয়ে বিষয় উপস্থাপন ছাড়াই একতরফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জমি ক্রয়, আর্থিক অনিয়ম এবং অনুমোদন ছাড়া ব্যাংক ও লিজিং প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের অভিযোগও উল্লেখ করা হয়েছে। এসব অর্থের কোনো হদিস পাওয়া যায়নি বলেও দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে অনেক সদস্যের বকেয়া চাঁদা মওকুফ বা আংশিক ছাড় দিয়ে সদস্যপদ নবায়ন করা হয়েছে। একইসঙ্গে অযোগ্য ব্যক্তিদের সদস্য ও ভোটার বানানোর অভিযোগও তোলা হয়।

এছাড়া, ২০০৪ সালের ২৬ আগস্ট থেকে মো. আব্দুর রাজ্জাককে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি কোনো নির্বাচন আয়োজন করেননি বলে অভিযোগ করা হয়েছে।


এই পরিস্থিতিতে সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে একজন নিরপেক্ষ প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা। একই সঙ্গে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বর্তমান পর্ষদের মেয়াদ গত বছরের নভেম্বরে শেষ হলেও পরবর্তীতে দুই দফায় তিন মাস করে মেয়াদ বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ২১ মে। এর আগেই ১৭ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে সম্প্রতি আবারও তিন মাস মেয়াদ বাড়ানোর আবেদন করা হলে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ ২০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পরও মেয়াদ বৃদ্ধির ঘটনায় সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটিকে বর্তমান পর্ষদের খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সভাপতি শামীম আহমেদ বলেন, নিয়ম মেনেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তিনি দাবি করেন, সংগঠনে কোনো ধরনের অনিয়ম হয়নি এবং প্রশাসক নিয়োগের প্রয়োজন নেই।

সাবেক সভাপতি জসিম উদ্দিনের প্রভাবের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই।

এদিকে, বিপিজিএমইএ’র সাবেক সভাপতি কে এম আলমগীর ইকবাল বলেন, গত দুই দশকের বেশি সময় ধরে একটি গোষ্ঠী সংগঠনটি নিয়ন্ত্রণ করছে। তার অভিযোগ, অযোগ্য ব্যক্তিদের সদস্য বানিয়ে ভুয়া ভোটার তৈরি করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। এজন্য তিনি বর্তমান পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগের দাবি জানান।


/ইউএমএইচ


  বিষয়:   বিপিজিএমইএ  প্লাস্টিক অ্যাসোসিয়েশন  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: