যশোর সদর উপজেলায় ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত দরজা ও জানালা দিয়ে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নে যশোর-নড়াইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।
বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেসের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ফতেপুর এলাকায় পৌঁছলে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
এরপর বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে। তা সত্ত্বেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাসটি।
বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কোনো বেআইনি পদক্ষেপের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান বলেন, খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সময়ের আলো/এআর