চট্টগ্রাম বিমানবন্দর থেকে এক কুয়েত প্রবাসীকে নিয়ে চট্টগ্রামের মীরসরাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মাইক্রোবাস। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রবাসীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার মডার্ন হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় হঠাৎ মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসে থাকা চার যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সীতাকুণ্ড এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে দুর্ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এফআর