পাবনার চাটমোহর উপজেলায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে সোহেল রানা (৪০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে চাটমোহর রেল স্টেশনের ২ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।
আহত জিআরপি পুলিশ সদস্য সোহেল দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা সোহেল ছিটকে পড়ে আহত হয়।
এ সময় স্টেশন মাস্টার ও অন্য পুলিশ সদস্যরা সোহেলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়।
চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ট্রেন ক্রসিংয়ের কারণে মুলাডুলি স্টেশনে অনির্ধারিত যাত্রা বিরতি করে একতা এক্সপ্রেস। এ সময় সোহেল রানা স্টেশনে নামেন। ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে এসে ট্রেনে উঠেন। কিন্তু ট্রেনের দরজা বন্ধ থাকায় তিনি হ্যান্ডেল ধরে ঝুলছিলেন। ট্রেনটি চাটমোহর স্টেশনে পৌঁছালে সোহেল রানা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে আহত হন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানান, রোগীর মাথায় এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
এফআর