শহিদ শরীফ ওসমান হাদির শাহাদাতের ১০০তম দিনে ঝালকাঠির নলছিটিতে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’।
শনিবার (২৮ মার্চ) বিকাল চারটায় নলছিটির কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনটির উদ্বোধন করেন হাদির বোন মাসুমা হাদি। এসময় উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিতি ছিলেন।
সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুমা হাদি। তিনি বলেন, বাংলাদেশের হারিয়ে যাওয়া প্রকৃত সংস্কৃতি রক্ষা এবং ভিনদেশি আধিপত্যবাদ বিরোধী আজাদির লড়াইকে বেগবান করতেই ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং নলছিটির সাধারণ মানুষ ওসমান হাদির কণ্ঠস্বর খুঁজে পাচ্ছিলেন না বলে আমাকে এই দায়িত্ব নিতে অনুরোধ করেছেন। ভাইয়ের রক্তে বাহিত সেই আজাদির ডাক এখন থেকে আমার মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে।
এসময় ওসমান হাদিকে হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও তার হত্যার বিচার না হওয়া নিয়ে মাসুমা হাদি প্রশ্ন তোলেন, তদন্তের নামে বারবার কালক্ষেপণ করে বিচারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না।
তিনি অবিলম্বে ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
অনুষ্ঠানে শহিদ ওসমান ভগ্নিপতি আমির হোসেন, শহিদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলার জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান, সাংবাদিক ইসমাইল মুসাফির, উপজেলা এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
কুরআন তিলওয়াতের মাধ্যমে শুরু করে ইসলামি সংগীত, মিলাদ ও দোয়ার মাধ্যমে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন।
এফআর