বিতর্ক, গুঞ্জন আর অপেক্ষার প্রেক্ষাপটে অবশেষে দেশে ফিরলেন আমিনুল ইসলাম বুলবুল। তার এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত সফরের সমাপ্তি নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান বিসিবি সভাপতি। বোর্ডের একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোজার আগেই তিনি নীরবে দেশ ছাড়েন, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়।
বোর্ড সূত্রে জানা গিয়েছিল, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে মার্চের শেষ সপ্তাহেই তার ফেরার কথা। তবে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্বে দেশে ফেরায় জল্পনা আরও জোরালো হয়েছিল। অবশেষে তার উপস্থিতিতে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।
আরও পড়ুন
তার এই প্রত্যাবর্তন এমন এক সময়ে হলো, যখন গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে নানা বিতর্ক তুঙ্গে। ঢাকাসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, নির্বাচনে স্বচ্ছতা ছিল না এবং প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে।
এ পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, তদন্তের অগ্রগতি পর্যায়ে কমিটি ইতোমধ্যে অনলাইনে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করেছে। এখন তিনি দেশে ফেরায় সরাসরি জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও তৈরি হয়েছে।
বিশেষ করে কাউন্সিলরশিপ সংক্রান্ত কিছু সিদ্ধান্তে তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, যা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী এপ্রিলের শুরুতেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এএডি/