পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে তিন বনজীবীকে অপহরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুন্দরবনে আশঙ্কাজনক তৎপরতায় বনজীবীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, শনিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরাগ্রামের এক জেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরঝুলি খালে মাছ ধরছিলেন।
এ সময় অস্ত্রধারী দস্যুরা হঠাৎ সেখানে হানা দিয়ে তাকেসহ আরও দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায় বলে লোকালয়ে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।
অপহৃত জেলেদের সাথীদের অভিযোগ, ঘটনার পরপর দস্যুরা জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতিজনের জন্য এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে।
নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় অপহৃতদের পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা নিজেরা দেন দরবার করে অপহৃতদের উদ্ধারের চেষ্টা করছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় জেলেরা অভিযোগ করে বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যূদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত ৫ আগষ্টে শ্রামনগর থানা লুটের অস্ত্র এখন এসব দস্যূদের হাতে। এসব অস্ত্র উদ্ধারে প্রশাসনের তেমন কেন পদক্ষেপ দেখা যাচ্ছে না।
ফলে সুন্দরবনের বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া ধরতে গেলে প্রায় দস্যুদের মুখোমুখি হতে হচ্ছে। অপহরণ ও মুক্তিপণের ঘটনা বাড়তে থাকায় জীবিকার তাগিদে বনে যেতে ভয় পাচ্ছেন অনেকে।
সংশ্লিষ্টদের মতে সুন্দরবনে নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে কার্যকর অভিযান না চালালে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। উপকূলীয় এলাকাবাসী দ্রুত দস্যুদের গ্রেফতার এবং অপহৃত জেলেদের নিরাপদে উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এসিএফ’র ফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সময়ের আলো/এআর