মাদারীপুরের শিবচর থানায় দায়িত্ব গ্রহণের মাত্র চার দিনের মধ্যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ তিনি শিবচর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একই থানায় উপ-পরিদর্শক এবং পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে তাকে প্রত্যাহার করা হয়।
রোববার (২৯ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হয়। তবে এর আগেই শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
হঠাৎ করে অল্প সময়ের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদিও প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। শিগগিরই নতুন একজন ওসি যোগদান করবেন।
সময়ের আলো/এআর