প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের সৌরভ। ছবি : সময়ের আলোপ্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছেন লক্ষ্মীপুরের রামগতির তরুণ ফুটবলার সৌরভ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। জাতীয় দলের হয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি গায়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নামার অপেক্ষায় এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার।
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দল দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক সৌরভ কঠিন বাছাইপ্রক্রিয়া পেরিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এবার দেশের লাল-সবুজ জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ তার সামনে।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে অংশ নিতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। এর আগে জর্ডানে নিবিড় প্রস্তুতি ক্যাম্প সম্পন্ন করেছেন দলের খেলোয়াড়রা।
বাছাইপর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৮, ১৪, ১৭ ও ২০ নভেম্বর।
বাংলাদেশের ম্যাচের সূচি:
৮ নভেম্বর : সিরিয়ার বিপক্ষে
১৪ নভেম্বর : ভুটানের বিপক্ষে
১৭ নভেম্বর : ম্যাকাওয়ের বিপক্ষে
২০ নভেম্বর : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে
বাছাইপর্বে সাতটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে মূল পর্বে জায়গা করে নিতে গ্রুপের শীর্ষস্থান অর্জন করতে হবে বাংলাদেশকে।
রামগতির সন্তান সৌরভের এই অর্জনে আনন্দিত স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষ। তাদের প্রত্যাশা, সৌরভের মতো তরুণ প্রতিভাদের হাত ধরে দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সৌরভ ও তাঁর সতীর্থরা ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য সাফল্য বয়ে আনবেন, এমন আশাই করছেন ফুটবলপ্রেমীরা।
রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ দিদারুল ইসলাম খন্দকার সৌরভের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রামগতি উপজেলাসহ পুরো লক্ষ্মীপুরবাসীর জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাদের এলাকার একজন সন্তান আন্তর্জাতিক অঙ্গনে ১০ নম্বর জার্সি পরে দেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করছেন।
সময়ের আলো/জোই