প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ৩:৩১ পিএম
ফুটবলার সাজিদুল ইসলাম তাকিব। ছবি : সময়ের আলো ফুটবল অঙ্গনে দেশের জন্য এক গৌরবোজ্জ্বল ও আনন্দসংবাদ নিয়ে এসেছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উদীয়মান ফুটবলার সাজিদুল ইসলাম তাকিব। অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে ৭ নম্বর জার্সি গায়ে মাঠ মাতিয়ে এখন তিনি ইউরোপিয়ান বয়সভিত্তিক ক্লাবে খেলার আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন। ফিফা এজেন্টের মাধ্যমে আসা এই প্রস্তাব দেশের ফুটবল অঙ্গনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
সাজিদুল ইসলাম তাকিব লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইয়াশিন মিয়া বাড়ির মো. আজাদ উদ্দিন ডলার ও জোছনা বেগম দম্পতির একমাত্র ছেলে। দুই বোন তারিন ও পানহার পর তিনি পরিবারের ছোট সন্তান।
ছেলের এমন সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। তাকিবের বাবা, ফুটবলপ্রেমী আজাদ উদ্দিন ডলার বলেন, ছেলের এই সুসংবাদ শুনে আমাদের পুরো পরিবার আনন্দিত। আমিও একসময় ফুটবল খেলতাম, আমাদের পরিবার বরাবরই ফুটবলবান্ধব। আমি দোয়া করি, আমার ছেলেসহ দেশের প্রতিটি খেলোয়াড় যেন দেশের নাম উজ্জ্বল করতে পারে।
রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব ও ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ দিদারুল ইসলাম খন্দকার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের সন্তানের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা পুরো লক্ষ্মীপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাকিবের এই অর্জন আমাদের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখছে।
দেশের সীমানা পেরিয়ে ইউরোপীয় ফুটবলে তরুণ এই প্রদীপ্ত তারকার অভিযাত্রা লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলবে এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।
সময়ের আলো/জোই