প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পিএম
আলেম সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সরব ছিলো : মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের যেভাবে রাষ্ট্র মূল্যায়ন করছে, আমরা চাই শাপলার শহীদদেরও সেভাবে মূল্যায়ন করা হোক। কারণ জুলাই গণ-অভ্যুত্থানের ভীত রচিত হয়েছে শাপলার গণহত্যা থেকে। শাপলা না হলে জুলাই হতো না, জুলাই না হলে স্বৈরাচারীর পতন হতো না। আমরা আমাদের রক্তের মূল্যায়ন পাইনি। আলেম সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সরব ছিলো, ভবিষ্যতেও থাকবে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃহত্তর চট্রলার ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩দিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের সঞ্চালনায় শুরু হওয়া তাফসীর মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী মাওলানা সাঈদুল ইসলাম আসাদ। মাহফিলে অধিবেশনভিত্তিক ধারাবাহিক সভাপতিত্ব করেন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মুফতী কেফায়েতুল্লাহ ও মাওলানা ওসমান সিকদার।
কুরআন-সুন্নাহবিরোধী বক্তব্য ও কার্যক্রম বন্ধ করা, ট্রান্সজেন্ডার ইস্যুতে অবস্থান স্পষ্ট করা, দেশের সরকারি সেক্টর আলেমদের নিয়োগ এবং স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর বিষয়ে আল-আমিন সংস্থার পক্ষ থেকে সরকারের কাছে দাবিগুলো উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি মুহাম্মাদ আহসান উল্লাহ।
তাফসীরুল কুরআন মাহফিলে ময়মনসিংহ-২ আসনের আলেম এমপি মুফতী মোহাম্মদুল্লাহকে আল-আমিন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
৩দিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসে আরও তাফসীর পেশ করেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মোহাম্মদুল্লাহ এমপি,মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ইসমাইল খান, মাওলানা সিরাজুল্লাহ মাদানী, মুফতী সোলাইমান প্রমুখ।
সময়ের আলো/জোই