প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পিএম
ফটিকছড়িতে টিলা কাটায় দুই মিনি ট্রাক জব্দ। ছবি : সময়ের আলোচট্টগ্রামের ফটিকছড়িতে খালের পাশের টিলা কেটে মাটি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি মিনি ট্রাক জব্দ করা হয়। পরে এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে শুক্রবার বিকেলে পাইন্দং এবং রাতে ভূজপুর ইউনিয়নে দুই দফায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে আনসার সদস্যদের পাশাপাশি ভূজপুর থানা-পুলিশ সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টিলা শ্রেণির জমি কাটার অপরাধে পাইন্দং ফকিরাচাঁন গ্রামের বাসিন্দা মনির আহমেদ (৫২) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না—এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়েরে আলো/জোই