রাজশাহীর গোদাগাড়ীতে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন ফারুক হোসেনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় রাখা বাদামি রঙের গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। উদ্ধার করা পদার্থের পরিমাণ ১৫০ গ্রাম, যা হেরোইন বলে উল্লেখ করেছে পুলিশ।
গ্রেফতার ফারুক হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ৫ নম্বর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. শহিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইন জব্দ করার পাশাপাশি গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/এনএন