প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ (১৮), আহাদ (১৯), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। তাদের মধ্যে আব্দুল্লাহর শরীরের ২০ শতাংশ, আহাদের ৫৫ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, ওই প্রতিষ্ঠানে থাকা ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে রাত ৮টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথমে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায়নি।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তালহা বিন জসিম আরও জানান, দগ্ধদের মধ্যে আব্দুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে রাখা হয়েছে। নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
সময়ের আলো/জেডি