প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম
সংগৃহীত ছবিদিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মণ্ডলের কবর জিয়ারত করবেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেবেন।
বুধবার (৪ নভেম্বর) রাতে মন্ত্রীর জেলা সফরের সরকারি সময়সূচি থেকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুম আকরাম হোসেন মণ্ডলের বড় ছেলে ও হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী। পরে সড়কপথে হাকিমপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
বেলা ১১টা ৩০ মিনিটে হাকিমপুর পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামে পৌঁছে অধ্যাপক আকরাম হোসেন মণ্ডলের কবর জিয়ারত করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেবেন। এ সময় মন্ত্রীর সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা এবং একান্ত সচিব গোলাম মোস্তফা রঞ্জু।
এরপর দুপুর ১২টার দিকে সড়কপথে নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত রোববার (১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, নাতি-নাতনি ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুম আকরাম হোসেন মন্ডল হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বড় ছেলে মো. সাখাওয়াত হোসেন শিল্পী বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি হাকিমপুর পৌরসভার দুইবারের সাবেক মেয়র।
সোমবার (২ নভেম্বর) বাদ জোহর বড় ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল। তার মৃত্যুতে উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী মহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও শিক্ষাবিদ রাজনৈতিক জীবনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী ছিলেন বলে জানা গেছে।
সময়ের আলো/জোই