প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪২ এএম
সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের ছেলে মো. শাহরিয়ার জামান। ছবি : সংগৃহীতকিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের ছেলে মো. শাহরিয়ার জামান। বুধবার রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গচিহাটা কলেজ মাঠে কয়েকজন মাদকসেবী আড্ডা দিচ্ছিলো। এ সময় শাহরিয়ার জামান ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। তিনি মাদকসেবীদের মাদক ছাড়তে ও মাঠে এই ধরনের আড্ডা না দিতে বলেন। এই নিয়ে মাদকসেবীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফতাব উদ্দিন (১৪) নামে একজনকে থাপ্পড় দেন শাহরিয়ার জামান। আফতাব উদ্দিন বাড়িতে গিয়ে বিষয়টি তার চাচা তাজুল ইসলামকে জানান। তিনি ক্ষিপ্ত হয়ে গচিহাটা বাজারে গিয়ে শাহরিয়ার জামানকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অভিযুক্ত তাজুল ইসলাম (৩৫) উপজেলার পূর্ব সহশ্রাম গ্রামের মৃত আলফাজ উদ্দিন ছেলে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক জানান, ভিকটিমের বুকে আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রের্ফাড করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই