প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলোহবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর টমটমকে ওভারটেক করতে গিয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। তার মূল বাড়ি সিলেটে। ছোটোবেলায় মা-বাবাকে হারানোর পর থেকে নানার বাড়িতে থেকে তিনি বড় হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য তিনি মোটরসাইকেলে করে হবিগঞ্জে আসেন। কাজ শেষে ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা তানভীর ছিটকে বাসের সামনের বাম্পারের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও সদর থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় দুই পাশে দীর্ঘ যানজটে সৃষ্টি হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই