প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ১১:১৪ পিএম
সংগৃহীত ছবি খুলনার খালিশপুর থানার নতুন কলোনি এলাকায় মো. জাবেদ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত ও পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তার মরদেহ উদ্ধারের এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মো. জাবেদ খালিশপুর থানার এনএফ-৭৭, রোড নম্বর-২১১২ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ পেশায় মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে অনেকটা একাকী জীবনযাপন করছিলেন। অতীতে তার মাদকাসক্তির সমস্যা থাকায় তাকে পুনর্বাসন কেন্দ্রেও (রিহ্যাব) পাঠানো হয়েছিল বলে জানা গেছে। তবে তার বর্তমান স্ত্রী, সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্য তার সঙ্গে বসবাস করতেন না।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোর পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যাওয়ায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে খালিশপুর থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
সময়ের আলো/জোই