প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ১১:২২ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন। ছবি : সময়ের আলো ভোলার চরফ্যাশন পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তামিম বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চরফ্যাশন পৌরসভা পরিচালিত বিশেষ ভেজালবিরোধী অভিযানে তামিম বেকারিতে এসব অনিয়মের চিত্র উঠে আসে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো হচ্ছে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারিটির স্বত্বাধিকারী মাকসুদুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চরফ্যাশন পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ অভিযানটি পরিচালনা করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির মালিককে আগামী সাত দিনের মধ্যে পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মান উন্নয়নের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে বলেও সতর্ক করেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মানব দেহের ক্ষতিকর রং মেশানের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই