প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম
ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ বন্ধে বিশেষ অভিযান। ছবি : সময়ের আলোজামালপুরে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার দুপুর থেকে দুই বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান শুরু হয়। ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. বাপ্পী মিয়া জানান, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ও লোকাল ট্রেনের ছাদে প্রতিনিয়ত বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। তাদের অনেকেই বিনা টিকিটে ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন। এ ধরনের অবৈধ যাত্রা বন্ধ করতেই যৌথভাবে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-তারাকান্দি রেলপথে প্রতিদিন বেশ কয়েকটি আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে। এসব ট্রেনের মধ্যে রয়েছে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ও কমিউটার এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব ট্রেনে প্রতিদিন যাত্রীর চাপ বেশি থাকে। ফলে অনেক যাত্রী কাঙ্ক্ষিত আসন না পেয়ে বিনা টিকিটে ট্রেনের ছাদে ভ্রমণ করেন। বিশেষ করে রাতের বেলায় এ ধরনের ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যদের হামলার শিকার হন ছাদে থাকা যাত্রীরা। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে।
যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেনের ছাদে ভ্রমণ নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম ও ইনচার্জ বাপ্পী মিয়া।
এদিকে বিশেষ অভিযান শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রেস ক্লাব জামালপুরের সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন। এ জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমও অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তবে ঢাকা-জামালপুর রেলপথে যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান বলেন, ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে ঝুঁকিপূর্ণ এই যাত্রা অনেকটাই কমে আসবে।
সময়ের আলো/জোই