সহপাঠীরা চালালো মেধাবী শিক্ষার্থীর পিঠে চাইনিজ কুড়াল

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে পূর্ববিরোধের জেরে ইমন কাজী (১৮) নামে এক শিক্ষার্থীকে চীনা কুড়াল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে

2026-11-05T12:58:09+00:00
2026-11-05T12:58:09+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সহপাঠীরা চালালো মেধাবী শিক্ষার্থীর পিঠে চাইনিজ কুড়াল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম 
ইমন কাজী। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে পূর্ববিরোধের জেরে ইমন কাজী (১৮) নামে এক শিক্ষার্থীকে চীনা কুড়াল ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে। এ সময় তার পিঠে চীনা কুড়াল দিয়ে সাতটি কোপ দেওয়া হয়। পাশাপাশি হাত-পা, মুখ ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমন কাজী গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৪.৭৫ পেয়েছেন। বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাড়িতে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাবার নাম ছিদ্দিক কাজী।

গত সোমবার (২ নভেম্বর) গোপালগঞ্জ শহরের অপটিমাম কোচিংয়ে আসেন ইমন। এদিন শহরের ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে বাবার পাঠানো ১৯ হাজার এবং মামা ইকবাল কাজীর পাঠানো ৭০ হাজার টাকাসহ মোট ৮৯ হাজার টাকা তোলেন তিনি। পরে বন্ধু হামীম মীরের মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে বেদগ্রাম হাজী নাদের আলী সাদেক আলী স্কুলের সামনে পৌঁছালে বাপ্পী কাজী, শামীম কাজী ও তামিম কাজী তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে তারা মোটরসাইকেলটি রাস্তার ওপর ফেলে দেন। এরপর শামীম কাজী চীনা কুড়াল দিয়ে ইমনের পিঠে সাতটি কোপ দেন। অন্যদিকে, হাত-পা, মুখ ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

এ ঘটনায় ইমনের মা আলেয়া বেগম বাদী হয়ে গত মঙ্গলবার (৩ নভেম্বর) মামলা করেছেন। মামলায় গোপীনাথপুর গ্রামের নওশের কাজীর ছেলে তুহিন কাজী ও আমিনুর কাজী, আমিনুর কাজীর ছেলে বাপ্পী কাজী এবং জাকির কাজীর ছেলে শামীম কাজী ও তামিম কাজীকে আসামি করা হয়েছে।

আহত ইমন কাজী জানান, তার চাচাতো ভাই ইসলাম কাজীর ছেলে সালমান কাজীর সঙ্গে তিনি চলাফেরা করেন। প্রায় ১৫ দিন আগে গ্রামের একটি বিষয় নিয়ে সালমানের সঙ্গে বাপ্পী ও শামীমের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

ইমনের অভিযোগ, ওই ঘটনার জের ধরেই তার ওপর হামলা চালানো হয়। তাকে হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি চীনা কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ সময় তার কাছে থাকা নগদ ৮৯ হাজার টাকা, একটি আইফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, হামলার সময় ভয়ে হামীম মীর নিরাপদ স্থানে আশ্রয় নেন। বেদগ্রামের অনেকেই ঘটনাটি দেখেছেন। তাঁকে বাঁচাতে কয়েকজন এগিয়ে আসার চেষ্টা করলেও চীনা কুড়াল দেখে আতঙ্কে কাছে যেতে পারেননি।


মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী আল মামুন বলেন, ২০২৪ সালে তাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইমন জিপিএ ৪.৬৭ পেয়েছিলেন। মানবিক বিভাগ থেকে ভালো ফল করেছিলেন তিনি। সহপাঠীদের সঙ্গে বিরোধের জেরে তাকে রক্তাক্ত করা হয়েছে বলে শুনেছেন।

তবে হামলার বিষয়ে অভিযুক্ত বাপ্পী কাজী ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, নারীঘটিত একটি বিষয় নিয়ে ইমন তাদের এক ছোট ভাইকে মারধর করতে চেয়েছিলেন। এর প্রতিবাদ করায় সাতদিন আগে ইমন তাকে মারধর করেন। পরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং থানায় অভিযোগ করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। ওই ঘটনার জেরেই তিনি ইমনকে মারধর করেছেন বলে স্বীকার করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনি তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোপালগঞ্জ  শিক্ষার্থীকে কুপিয়ে জখম  চীনা কুড়াল  সহপাঠীদের হামলা  ইমন কাজী  ছিনতাই  গোপালগঞ্জ সদর থানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: