নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় জ্বালানি তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলীকে আটক করেছে র্যাব।
রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া মাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ওসি ওলী মিয়া নিশ্চিত করেছেন তিনি বলেন, এ হত্যার ঘটনায় মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনের মালিক রবিউল ইসলাম বাদী হয়ে ট্রাকচালক সুজাত আলীকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার নড়াইল-যশোর মহাসড়কের পাশে তুলরামপুরে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত আলী। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেননি পাম্প ম্যানেজার নাহিদ সরদার।
তেল না পেয়ে ট্রাকচালকের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাকচালক ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে পাম্পের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ২০০ গজ দূরে রেল ব্রিজ এলাকায় গেলে পেছন দিক থেকে নাহিদ ও জিহাদুলকে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যান সুজাত।
এতে ঘটনাস্থলে নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ট্রাক চাপায় নিহত নাহিদ সরদার সদর থানার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাম্পে তেল না দেয়ার কারণে ট্রাকচালকের সাথে কথকাটাকাটি হওয়ার পরে পাম্পের দুজন কর্মচারিকে ট্রাকচাপা দিয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সময়ের আলো/এআর